সনিয়ার বইয়ে সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ১৫ দিনের সময় দিয়ে আইনি নোটিস প্রপৌত্রের
সনিয়া গান্ধীর বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই মন্তব্যকে বিকৃত উপস্থাপনা বলে অভিযোগ তুলে কংগ্রেস নেত্রীকে আইনি নোটিস পাঠালেন সাভারকরের প্রপৌত্র সত্যকী সাভারকর। তাঁর দাবি, বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে, প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর বই বিলংগিং: আ জার্নি অব লাভ। বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে নিয়ে লেখা দুটি মন্তব্যে আপত্তি জানিয়েছেন তাঁর প্রপৌত্র। আইনজীবী সংগ্রাম কোলহাটকরের মাধ্যমে পাঠানো নোটিসে বলা হয়েছে, ওই মন্তব্যগুলি তথ্যগত ভাবে ভুল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঠিক ভাবে তুলে ধরে না। এর ফলে সাভারকরের সম্মান ও তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।বইয়ের ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, ব্রিটিশ শাসকদের হাতে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচারিত হচ্ছিলেন, তখন সাভারকরের মতো আরএসএসের প্রবীণ মতাদর্শীরা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে আবেদন জানাচ্ছিলেন। পাশাপাশি, আরএসএসের সদস্যেরা ব্রিটিশ কর্তৃপক্ষকে তথ্য দিতেন বলেও উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যের বিরোধিতা করে সত্যকীর দাবি, এর ফলে এমন ধারণা তৈরি হতে পারে যে সাভারকর ব্রিটিশদের হয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তথ্য সরবরাহ করতেন বা তাঁদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। নোটিসে বলা হয়েছে, সাভারকরের কারাবাস, আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন এবং ব্রিটিশ শাসকদের অত্যাচারের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করেই ওই মন্তব্য করা হয়েছে। তাঁর মতে, ক্ষমার আবেদন নিয়ে মন্তব্য করার আগে সেই সময়ের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনা করা জরুরি ছিল।বইয়ের ৪৪৩ নম্বর পাতার একটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন সত্যকী। সেখানে বলা হয়েছে, মহাত্মা গান্ধীর সমসাময়িক সাভারকর ছিলেন হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা। তাঁর ভারত ভাবনায় হিন্দুরাই প্রধান এবং সর্বোচ্চ। আরএসএস, বিজেপি এবং তাদের সহযোগী সংগঠনগুলিও এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যেরও বিরোধিতা করেছে সাভরকরের পরিবার। আইনি নোটিসে দাবি করা হয়েছে, সাভারকরের রাজনৈতিক ও আদর্শগত চিন্তাভাবনাকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর ভারত ভাবনাকে শুধুমাত্র হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠার ধারণা হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ সত্যকীর।নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা, প্রয়োজনীয় সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সত্যকী।এর আগে সনিয়া গান্ধীর বইয়ে সাভারকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাও। দলের নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। এ বার সাভারকরের প্রপৌত্রের আইনি নোটিস ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

